স্পোর্টস ডেস্ক , অমৃতালোক
আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপে স্থান করে নিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ৷
বুধবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সাথে আলাপকালে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারম্যান রুবাবা দৌলা।
২০২৫ সালে অনুষ্ঠিত নারীদের ওয়ানডে বিশ্বকাপের আগে কোনো সিরিজ খেলতে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। এবার অবশ্য সেই ভুল করছে না বিসিবি। মেগা টুর্নামেন্টের প্রস্তুতির জন্য স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ রেখেছে বিসিবি। তবে, সিরিজের দিনক্ষণ নিয়ে কিছু জানাননি রুবাবা।
এছাড়া, বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে এবার থেকেই শুরু হচ্ছে নারী বিপিএল। আগেই বিসিবি জানিয়েছে, আগামী ৪ এপ্রিল শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। এবার রুবাবা জানালেন, টুর্নামেন্টের পর্দা উঠবে চট্টগ্রামে। সেখানে প্রথম পর্ব শেষ করে খেলা ফিরবে ঢাকায়।
বিপিএলের পরিকল্পনা নিয়ে রুবাবা বলেন, ‘নারী বিপিএলে তারকা বিদেশি ক্রিকেটারদের রাখার চেষ্টা করবে বিসিবি। সম্প্রতি ভারতের সাথে ক্রিকেটীয় দ্বৈরথ চললেও নারী বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের জন্য দরজা খোলা থাকবে।’
বিপিএলে ফ্র্যাঞ্চাইজি সংক্রান্ত জটিলতা শুরু থেকেই একটি বড় সমস্যা। সেই জটিলতা দূর করতে নারী বিপিএলে আর্থিক লেনদেনের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন রুবাবা।
এছাড়া নারী ক্রিকেটকে সঠিকভাবে মূল্যায়ন করে—এমন প্রতিষ্ঠানই ফ্র্যাঞ্চাইজি পাবে বলে জানান তিনি।
এদিকে, বিসিবি সূত্রে জানা গেছে, এপ্রিলে শুরু হওয়া নারী বিপিএলে দল হবে ৩টি। জাতীয় দলের ৩ তারকা নারী ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি নেতৃত্ব দেবেন এই তিন দলকে। তারাই হবেন আইকন ক্রিকেটার।
আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকা। এছাড়া দেশীয় ক্রিকেটারদের ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরির জন্য পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে সাত, পাঁচ ও তিন লাখ টাকা করে।’








