এপ্রিল ২৪, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ

ছুরিকাঘাতে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক আহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :
রাজধানীর বনানী এলাকায় জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক ডা. আহমদ হোসেনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) তিনি অফিস শেষে বাসায় ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।

সন্ধ্যায় কালের কণ্ঠকে এ তথ্য দেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান। তিনি বলেন, চিকিৎসকের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তাকে কী কারণে, কে বা কারা, কী উদ্দেশ্যে কেন হামলা চালায় তার তদন্ত চলছে। বিকেলে অফিস শেষে বাসায় ফেরার সময় বনানীর পুরনো ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলিতে ২ থেকে ৩ জন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি তাকে লক্ষ্য করে হামলা চালায় জানিয়ে ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ জানায়, এ সময় তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

মেহেদী হাসান জানান, আহত উপপরিচালককে বেশ কিছুদিন ধরে বিদেশি নম্বর থেকে টেন্ডার দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল একটি চক্র জানিয়ে আহত চিকিত্সক পুলিশকে জানান, কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে তিনি অনেক দুশ্চিন্তার মধ্যে ছিলেন। হুমকির বিষয়ে কিছুটা ভয়ের মধ্যে ছিলেন। এর মধ্যেই হামলার ঘটনা ঘটে।

হামলার হুমকি পেয়ে তিনি থানায় কোন সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন কি না জানতে চাইলে বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান বলেন, ‘না, কোনো জিডি করেননি তিনি।

এমনকি পুলিশকেও এ বিষয়ে কিছু জানিয়ে সহযোগিতা চাননি। তার ওপর হামলার পর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।’
এদিকে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন। তারা হামলাকারীদের বিষয়ে খোঁজ নেন। জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ জানান, ঘটনার পরপরই বনানী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ