নভেম্বর ২৪, ২০২৬ ৬:৩২ পূর্বাহ্ণ

এনসিপির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী- ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আহবান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক:

প্রধানমন্ত্রী তারেক রহমান মত, পথ, দর্শন ও আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুসংহত করার আহবান জানিয়েছেন। এ ছাড়া জাতীয় স্বার্থ, দেশের মানুষের অধিকার ও গণতান্ত্রিক অভিযাত্রা এগিয়ে নিতে সব গণতন্ত্রকামী রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছেন তিনি।

গতকাল সোমবার সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এই ঐক্যের আহবান জানান এবং ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন।

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আনার জন্য কাজ শুরু করেছে সরকার। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের বৈঠকের মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হয়।

বৈঠকে পলাতক স্বৈরাচারের অপশক্তি যেন দেশের বাইরে থেকে বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্্দী আমিন প্রধানমন্ত্রীর বার্তা সাংবাদিকদের কাছে তুলে ধরেন। এর আগে দুপুর ১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল। দুপুর ১টা ৫৫ মিনিটে বৈঠক শেষ হয়। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে এনসিপি নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন প্রধানমন্ত্রী।
সাংবাদিকদের মাহ্্দী আমিন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের খোলামেলা আলোচনায় জাতীয় স্বার্থে ঐক্যের বিষয়টি উঠে এসেছে। পতিত স্বৈরাচারের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। মত, পথ ও আদর্শের ঊর্ধ্বে উঠে এই ঐক্যকে আরো সুসংহত করতে চায় সরকার।

তিনি বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে দেশের সব শ্রেণি-পেশা, ধর্ম ও বর্ণের মানুষ এক হয়েছিল।

তখন কার রাজনৈতিক আদর্শ কী, সেটি বিবেচনায় নেওয়া হয়নি। একটি স্বাধীন, সার্বভৌম ও তাঁবেদারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাই সবাইকে ঐক্যবদ্ধ করেছিল। সেই ঐক্যের ভিত্তিতেই গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা এগিয়ে নিতে হবে। মাহ্্দী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে মানবাধিকার, আইনের শাসন, বাকস্বাধীনতা, সহাবস্থান, সহিষ্ণুতা ও পারস্পরিক সম্মান নিশ্চিত হবে। বৈঠকে জাতীয় ঐক্যের পাশাপাশি সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দেওয়ার আহবান জানান এনসিপির নেতারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘জুলাইয়ের ঐক্যের প্রশ্নে সংস্কার, বিচার ও সার্বভৌমত্বকে জাতীয় ঐক্যের অন্যতম ভিত্তি করতে হবে। ঐক্যের প্রক্রিয়ায় সংস্কারকে এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত করার কথা আমরা বলেছি।’
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের পর গত সাত-আট মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার প্রশ্নে আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে সরকারের কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো যথাযথভাবে স্পষ্ট না করার কারণে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে বাধা সৃষ্টি করেছে। এ কমিটি বাতিল এবং গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের আহবান জানিয়েছে এনসিপি। জুলাইয়ের ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা, শেখ হাসিনার রায় কার্যকরের উদ্যোগ এবং ওসমান হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনার বিষয়েও আলোচনা হয়েছে।

ভারতের সঙ্গে গঙ্গা চুক্তির বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার আহবান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশের কোনো আপস করা উচিত হবে না। দেশের বর্তমান লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে উল্লেখ করে তিনি বলেন, এ প্রশ্নে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি জনগণকেও ঐক্যবদ্ধ থাকতে হবে।

সংস্কার প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অবস্থান সুস্পষ্ট। নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদে স্বাক্ষরিত প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতির সুযোগ নেই। সংসদের প্রথম অধিবেশনে শতাধিক অধ্যাদেশ আইনে রূপান্তরের কথাও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরেছে। ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রয়েছে।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মো. সুজাউদ্দৌলা, শাহাদাৎ হোসেন স্বাধীন, সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক, প্রধানমন্ত্রী কার্যালয়ের গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী উপস্থিত ছিলেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ