মে ১৮, ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ণ

আসামি যত শক্তিশালীই হোক, বিচার চলছে দৃশ্যমান প্রমাণ ও অপরাধের ভিত্তিতে: চিফ প্রসিকিউটর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

রাজনৈতিক দল বা ক্ষমতার প্রভাব বিবেচনা না করে, শুধুমাত্র অপরাধের গুরুত্ব ও দৃশ্যমান প্রমাণের ভিত্তিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিরপেক্ষভাবে বিচারকাজ চলছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি স্পষ্ট ভাষায় বলেন, একজন আসামি যত শক্তিশালীই হোন না কেন কিংবা তিনি যে রাজনৈতিক দলেরই সদস্য হোন না কেন, ট্রাইব্যুনাল তা কোনোভাবেই বিবেচনায় নিচ্ছেন না।

শনিবার (১৬ মে) দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবীন সদস্যদের নিয়ে আয়োজিত এক বিশেষ কর্মশালার আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব গুরুত্বপূর্ণ কথা বলেন।

চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরই মধ্যে ৪টি গুরুত্বপূর্ণ মামলার রায় সম্পন্ন হয়েছে, যেখানে অপরাধের মাত্রা অনুযায়ী সাজা পেয়েছেন অনেক আলোচিত ব্যক্তিও। বিচারের স্বচ্ছতার উদাহরণ টেনে তিনি বলেন, বহুল আলোচিত আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জন আসামির অপরাধের গভীরতা অনুযায়ী ভিন্ন ভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। সেখানে ঢালাওভাবে সবাইকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়নি, যা ট্রাইব্যুনালের নিরপেক্ষতা ও সর্বোচ্চ স্বচ্ছতার বিষয়টি দেশবাসীর সামনে স্পষ্ট করেছে। ট্রাইব্যুনালে এ পর্যন্ত যারা বিচারের সম্মুখীন হয়েছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও অকাট্য প্রমাণ রয়েছে; কোনো নিরপরাধ মানুষকে অন্যায্যভাবে বিচারের মুখোমুখি হতে হয়নি।

বর্তমানে ট্রাইব্যুনালে ৪০৫টি মামলা তদন্তাধীন রয়েছে এবং এর মধ্যে বেশ কয়েকটি মামলার নিষ্পত্তি খুব শিগগিরই হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন আমিনুল ইসলাম। এছাড়াও সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ঘটে যাওয়া গুম ও খুনের ঘটনার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিচার প্রক্রিয়ায় সাক্ষীদের নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে চিফ প্রসিকিউটর বলেন, মানবতাবিরোধী ও রাজনৈতিক অপরাধের মামলার সাক্ষীদের বিশেষ ও নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়ার জন্য সারা দেশের প্রতিটি জেলার এসপিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া রয়েছে। একজন সাক্ষী ট্রাইব্যুনালে হাজির হয়ে সাক্ষ্য দেওয়া থেকে শুরু করে পরবর্তীতে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া পর্যন্ত তার সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা প্রসিকিউশন টিম থেকে নিশ্চিত করা হচ্ছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ