হাসান পিন্টু
লালমোহন (ভোলা) প্রতিনিধি, অমৃতালোক :
ভোলার লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং পৌরসভার সাবেক মেয়র মরহুম এনায়েত কবীর পাটোয়ারীর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল।
লালমোহন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি মো. সোহেল আজিজ শাহিন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা কবির পাটোয়ারীর দীর্ঘ রাজনৈতিক, সামাজিক ও অর্থনীতিক জীবনের কার্মকান্ড স্মৃতিচারণ করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।
প্রসঙ্গত, প্রয়াত এনায়েত কবির পাটোয়ারী ১৯৯৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত টানা লালমোহন পৌরসভার মেয়র ছিলেন। পরবর্তীতে ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত লালমোহন উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় ও কর্মমুখী একজন ব্যক্তি। ২০১৯ সালের ১৪ মে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পরও তার কর্ম ও অবদান আজও মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে রয়েছে।








