লাইফষ্টাইল ডেস্ক,অমৃতালোক :
এশিয়ার বিভিন্ন দেশে হলুদ একটি বহুল ব্যবহৃত মসলা। আজকাল পাশ্চাত্যের দেশগুলোতেও এটি বেশ পরিচিতি লাভ করেছ। রান্নায় ব্যবহারের পাশাপাশি হলুদের আরও অনেক গুণ রয়েছে, যার মধ্যে একটি হলো ত্বকের যত্নে এর ব্যবহার।
হলুদের অনেক উপকারিতা রয়েছে—যেমন এটি প্রদাহ কমাতে, ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে এবং ত্বকের জ্বালাপোড়া বা অস্বস্তি দূর করতে সাহায্য করে। তাই অনেকেই এখন ত্বকের যত্নে বিভিন্ন উপায়ে হলুদ ব্যবহার করছেন।
ত্বকের যত্নে অনেকে হলুদ দিয়ে বিভিন্ন ধরনের ফেস মাস্ক তৈরি করেন। নিয়মিত এসব মাস্ক ব্যবহারে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল।
এক্সফোলিয়েটিং বা ত্বক পরিষ্কারক মাস্ক
হলুদ ত্বকের প্রদাহ কমাতে কার্যকর। এছাড়া এটি মৃত কোষ দূর করতেও সাহায্য করে। ত্বককে মাঝে মাঝে এক্সফোলিয়েট বা পরিষ্কার করা প্রয়োজন, আর সেই কাজে এই মাস্কটি বেশ কার্যকর। এজন্য এক টেবিল চামচ হলুদ গুঁড়া এবং দুই টেবিল চামচ বেসন নিন। উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিন। এরপর তাতে সামান্য গোলাপ জল যোগ করুন। মিশ্রণটি পুরো মুখে সমানভাবে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। এরপর ধুয়ে ফেলুন । তোয়ালে দিয়ে আলতো করে ত্বক মুছে শুকিয়ে নিন। সবশেষে ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না।
ত্বকে উজ্জ্বলতা ফেরানোর মাস্ক
যদি আপনার ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে চান, তবে হলুদের এই মাস্কটি ব্যবহার করে দেখতে পারেন। এজন্য প্রয়োজন হবে এক চা চামচ মধু, এক চা চামচ হলুদ গুঁড়া, এক টেবিল চামচ টক দই এবং সামান্য লেবুর রস। একটি ছোট পাত্রে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। প্রথমে ত্বক পরিষ্কার করে মুছে শুকিয়ে নিন, তারপর মিশ্রণটি পুরো মুখে সমানভাবে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে দেওয়ার পর ধুয়ে ফেলুন। দেখবেন, আপনার ত্বক আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছে।
দাগ দূর করার মাস্ক
বাইরে রোদে সময় কাটালে ত্বক কালচে হয়ে যেতে পারে। ত্বকের পিগমেন্টেশন বা দাগ কমাতে হলুদ বেশ কার্যকর, তবে এই মাস্কটিতে ব্যবহৃত অন্যান্য উপাদানগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মাস্কটি তৈরির জন্য প্রয়োজন হবে এক চা চামচ লেবুর রস, এক টেবিল চামচ টক দই এবং আধা চা চামচ হলুদ। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে আপনার মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট অপেক্ষা করার পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
শুষ্ক ত্বকের জন্য মাস্ক
ত্বকের শুষ্কতা দূর করতে হলুদের মাস্ক বেশ উপকারী। এর জন্য প্রয়োজন হবে এক চা চামচ হলুদ গুঁড়া, এক টেবিল চামচ নারিকেলের দুধ এবং অর্ধেকটা চটকানো অ্যাভোকাডো। একটি ছোট পাত্রে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে পরিষ্কার ত্বকে লাগিয়ে নিন। আধা ঘণ্টা ত্বকে রেখে দেওয়ার পর ধুয়ে ফেলুন।
যেহেতু আপনি হলুদ ব্যবহার করছেন, তাই ত্বকে হলুদের দাগ পড়া এড়াতে প্রথমে অল্প পরিমাণে লাগিয়ে পরীক্ষা করে নেওয়া ভালো। যদি ত্বকে হলুদের দাগ পড়েও যায়, তবে লেবুর রস ও চিনির মিশ্রণ দিয়ে আলতো করে ঘষলে সহজেই সেই দাগ দূর করা সম্ভব। সূত্র:হেলদিবিল্ডার্জড








