নভেম্বর ১৯, ২০২৬ ৭:২৯ পূর্বাহ্ণ

অংশুর ‘লিম্বো’ সিনেমার নায়ক শরিফুল রাজ, এলো প্রথম ঝলক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বিনোদন ডেস্ক,অমৃতালোক:

মহাকাশের পটভূমিতে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক তানিম রহমান অংশু। ‘লিম্বো’ নামের এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক শরিফুল রাজ। আজ রাজের জন্মদিন উপলক্ষে সিনেমাটির প্রথম পোস্টার ও টিজার প্রকাশ করেছেন নির্মাতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির পোস্টার শেয়ার করে অংশু লিখেছেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা, আমার জন্যও তাই। যাচ্ছি, ফিরে আসব, অন্যরকম এক জগৎ সঙ্গে নিয়ে..!’

পোস্টারের পাশাপাশি প্রকাশ করা হয়েছে সিনেমাটির টিজারও। সেখানে দেখা যায়, লাল আঁচল ওড়ানো এক রহস্যময় নারীকে। অন্যদিকে, পৃথিবী ছেড়ে মহাকাশের পথে পাড়ি জমাচ্ছে একটি মহাকাশযান। টিজারের ক্যাপশনে গল্পের রহস্য আরও বাড়িয়ে নির্মাতা লিখেছেন, ‘সীমাহীন এই যাত্রায় কে ছেড়ে যাচ্ছে তার ভালোবাসার মানুষটাকে?’ ক্যাপশন ও দৃশ্যায়ন মিলিয়ে সিনেমাটিতে প্রেম, বিচ্ছেদ ও মহাকাশযাত্রার এক রহস্যময় গল্পের আভাস পাওয়া যায়।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশুর নতুন এই সিনেমাটি বাংলাদেশের প্রথম স্পেস ড্রামা ও কসমিক রোমান্স ঘরানার চলচ্চিত্র হতে যাচ্ছে। মহাকাশের প্রেক্ষাপটে নির্মিতব্য সিনেমাটির শুটিং হবে তিনটি ভিন্ন দেশে। ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির আগে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে নির্মাতার।

শরিফুল রাজকে প্রধান চরিত্রে নেওয়ার কারণ জানিয়ে তানিম রহমান অংশু বলেন, ‘রাজকে নেওয়ার কারণ হচ্ছে, ‘ন ডরাই’ করার সময় থেকেই ও যথেষ্ট ভালো অভিনেতা। ও খুবই ন্যাচারাল অ্যাক্টর। গত পাঁচ-ছয় বছরে ওর অভিনয়ের আরও অনেক উন্নতি হয়েছে। ও নিজে মানুষ হিসেবেও এখন অনেক বেশি ম্যাচিউর, অনেক পরিণত। আর সেটা ওর অভিনয়েও পাওয়া যায়।’

‘ন ডরাই’-এর পর আবারও অংশুর পরিচালনায় কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শরিফুল রাজ। তিনি বলেন, ‘অংশু ভাইয়ের সঙ্গে আমার দ্বিতীয় সিনেমা ছিল ‘ন ডরাই’। অনেক দিন পর, হয়তো চার-পাঁচ বছর পর আবার তাঁর সঙ্গে যুক্ত হলাম। নিঃসন্দেহে তিনি একজন ক্রিয়েটিভ নির্মাতা। তাঁর সঙ্গে আগের কাজের অভিজ্ঞতাও দারুণ ছিল। এবার তিনি একটি সিনেমা নিয়ে যেভাবে ভাবছেন, সেই ভাবনার অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত।’

ভারতের ‘লাপাতা লেডিস’ সিনেমাখ্যাত গল্পকার ও চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী লিখেছেন ‘লিম্বো’র চিত্রনাট্য। তাঁর প্রসঙ্গও তুলে ধরেছেন রাজ। অভিনেতা বলেন, ‘এই সিনেমাটি আসলে একটু অন্যরকম। অংশু ভাইয়ের ভিশনসহ সবকিছু মিলিয়ে আমিও ভীষণ এক্সাইটেড। তাছাড়া, বিপ্লব গোস্বামীর মতো একজন এই সিনেমার চিত্রনাট্য করেছেন, যা অত্যন্ত আনন্দের। সিনেমাটির সঙ্গে মানসিক ও শারীরিকভাবে যুক্ত হওয়ার অপেক্ষায় আছি। শুটিং শেষ হওয়ার পর এ নিয়ে আরও কথা বলতে চাই।’

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ