নভেম্বর ১৯, ২০২৬ ১:০৬ পূর্বাহ্ণ

পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক:

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড দশমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ভারত। একইসঙ্গে টানা তৃতীয়বার আঞ্চলিক এই প্রতিযোগিতার শিরোপা জয়ের কৃতিত্ব গড়েছে দলটি। আজ জাতীয় স্টেডিয়ামে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে এই জয় তুলে নেয় ভারত।

৮৮ মিনিটে সানদীপ মান্ডির জয়সূচক গোলে পাকিস্তানের প্রতিরোধ ভাঙে ভারত। এর আগে দ্বিতীয়ার্ধে জুনায়েদ শাহ লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর সমতা ফেরান সুহাইল আহমেদ ভাট।

সাফের ফাইনালে প্রথমবারের মতো খেলতে নামা পাকিস্তান প্রথমার্ধের যোগ করা সময়ে আলমগীর গাজীর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ঐতিহাসিক শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল।

শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম দিকে পাকিস্তানকে বেশি বিপজ্জনক মনে হয়েছে। গতি ও আক্রমণাত্মক মুভমেন্টে বারবার ভারতের রক্ষণভাগকে পরীক্ষায় ফেলে তারা।

চতুর্থ মিনিটে প্রথম আক্রমণে যায় ভারত। মাঝমাঠ থেকে বল পেয়ে বাঁ প্রান্ত দিয়ে পাকিস্তানের পেনাল্টি বক্সে ঢুকে পড়েন সুহাইল ভাট। তবে বক্সের বাইরে থেকে তার ডান পায়ের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

১৭ মিনিটে পাল্টা আক্রমণে তিনটি গোলের সুযোগ তৈরি করে পাকিস্তান। তবে কোনোবারই লক্ষ্যভেদ করতে পারেনি তারা। ৩৪ মিনিটে পাল্টা আক্রমণ থেকে পাকিস্তানের বক্সে জটলা তৈরি করে ভারত। শেষ পর্যন্ত বল পেয়ে যান রিকি শাবং। তবে তার নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট।

প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হবার পথে থাকলেও যোগ করা সময়ে গোল পেয়ে যায় পাকিস্তাান। জুনায়েদ শাহর নেওয়া শট খাইমিনথাং লুংডিমের গায়ে লেগে দিক পরিবর্তন করে আলমগীর গাজীর সামনে পড়ে। সুযোগটি কাজে লাগিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি। ফলে বিরতিতে ১-০ গোলে এগিয়ে থাকে পাকিস্তান।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর ৫৯ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় পাকিস্তান। ভারতের ব্রাইসন ডিউবেনকে পেছন থেকে বিপজ্জনকভাবে ফাউল করায় ভিএআর পর্যালোচনার পর লাল কার্ড দেখেন জুনায়েদ শাহ।

প্রথমে রেফারি কোনো ব্যবস্থা না নিয়ে খেলা চালিয়ে যান। পরে ভিএআরের হস্তক্ষেপে ঘটনাটি পর্যালোচনা করে পাকিস্তানের এই মিডফিল্ডারকে লাল কার্ড দেখান।

একজন বেশি খেলোয়াড় নিয়ে খেলার সুযোগ কাজে লাগাতে দেরি করেনি ভারত। ফাউলের কারণে পাওয়া ফ্রি-কিক থেকেই পরের মিনিটে সমতা ফেরায় তারা। দুর্দান্ত শটে গোল করে স্কোরলাইন ১-১ করেন সুহাইল ভাট।

অতিরিক্ত সময়ে খেলা গড়ানোর সম্ভাবনা দেখা দিলেও ৮৮ মিনিটে জয়সূচক গোলটি পেয়ে যায় ভারত। আবদুল রাবিহের নেওয়া কর্নার থেকে পাকিস্তানের পেনাল্টি বক্সে উঁচুতে লাফিয়ে উঠে শক্তিশালী হেডে বল জালে পাঠান সানদীপ মান্ডি।

এই জয়ের মধ্য দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের আধিপত্য আরও সুসংহত করল ভারত। এর আগে ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১, ২০১৫, ২০২১ ও ২০২৩ সালে শিরোপা জিতেছিল তারা।

অন্যদিকে প্রথমবারের মতো ফাইনালে উঠে ইতিহাস গড়া পাকিস্তানের অভিযান শেষ হলো হতাশাজনক পরাজয়ে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ