নভেম্বর ৫, ২০২৬ ১:০৭ পূর্বাহ্ণ

ভোলায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জাতীয় বন্ধুজন পরিষদ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

মোঃ আরিয়ান আরিফ, অমৃতালোক:

মেধা ও সৃজনশীলতার স্বীকৃতি, শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা এমন লক্ষ্য সামনে রেখে ভোলায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে শিক্ষা সম্মাননা দিয়েছে জাতীয় বন্ধুজন পরিষদ। সম্মাননা স্মারক, ক্রেস্ট ও নগদ অর্থ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। আয়োজনে ছিল আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ভোলায় সাবেক মন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাহজাহানের বাসভবন প্রাঙ্গণে জাতীয় বন্ধুজন পরিষদ, ভোলার উদ্যোগে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ।’ ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফল করাই যথেষ্ট নয়; দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতাও অর্জন করতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং জীবনের নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে অনুপ্রাণিত করবে।

জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সমন্বয়ক আসিফ আলতাফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ভোলা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক আলহাজ মিয়া মোহাম্মদ ইউনুস, দৈনিক অমৃতালাক সম্পাদক আলহাজ্ব এম এ আহাদ চৌধুরী তুহিন, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম মিলন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, ভোলা পৌর বিএনপির সভাপতি আব্দুর রব আকন, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট সাজেদা আক্তার, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেল।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ভোলা পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৩৫ শিক্ষার্থীকে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়। শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগানোই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সম্মাননা প্রদান পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ