সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ণ

আলোচনায় তথ্যমন্ত্রী সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণকে ভুল ও বিভ্রান্তিকর তথ্য থেকে সুরক্ষা দেওয়াই বর্তমানে বড় চ্যালেঞ্জ। সাধারণ মানুষকে বিভ্রান্তি থেকে রক্ষা করতে মূলধারার সংবাদমাধ্যমের দায়িত্বশীল ও তথ্যভিত্তিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের ‘অ্যাক্টিভিস্ট’ হওয়া উচিত নয়। বরং তথ্য-উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত।
গতকাল শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘দক্ষিণ এশিয়ার গণমাধ্যম কি ভিন্ন ভিন্ন রূপে একই ধরনের হুমকির সম্মুখীন হয়?’ শীর্ষক প্যানেল আলোচনায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালেটিকস (দায়রা) আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স-২০২৬’ এর অংশ হিসেবে এই প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকতার কোনো একক সংজ্ঞা নেই। এটি আগের চেয়ে অনেক বেশি বিভাজিত। সমাজে কোনো একটি বিষয়ে মানুষের মতামত ভিন্ন হতে পারে। তবে দায়িত্বশীল সাংবাদিকের কাজ হলো আবেগ বা দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে আসল সত্য প্রকাশ করা।

তিনি আরও বলেন, যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো তথ্য সংবাদ নয়। তা কেবল মতামত হতে পারে। সাংবাদিকতা মানুষের প্রত্যাশা অনুযায়ী সমাজের দর্পণ হিসেবে কাজ করে। মতামত, অনুমান কিংবা অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না। বরং বস্তুনিষ্ঠ সত্য ও ডেটাভিত্তিক তথ্যের ওপর ভিত্তি করেই প্রকৃত সাংবাদিকতা পরিচালিত হয়।
দক্ষিণ এশিয়ার গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানের মতো দেশগুলোর গণমাধ্যমের মূল সংকটগুলো প্রায় একই রকম। অতীতে কেবল বাকস্বাধীনতাই আলোচনার মূল বিষয় ছিল। বর্তমান প্রযুক্তি ও মোবাইল সাংবাদিকতার যুগে ভুয়া তথ্য ও অপতথ্য প্রতিরোধ করে সাধারণ মানুষকে বিভ্রান্তি থেকে রক্ষা করাই গণমাধ্যমের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।

নেত্র নিউজের নির্বাহী সম্পাদক নাজমুল আহসানের সঞ্চালনায় প্যানেল আলোচনায় আরও অংশ নেন হিমাল সাউথ এশিয়ানের প্রতিষ্ঠাতা সম্পাদক কনক মণি দীক্ষিত, ইংরেজি দৈনিক ওয়াদার সম্পাদক শফিকুল আলম ও ভারতের দ্য হিন্দু পত্রিকার কূটনৈতিক সম্পাদক সুহাসিনী হায়দার।
একই দিন রাজধানীর অন্য একটি হোটেলে ‘গ্লোবাল কনফারেন্স অন এআই লিডারশিপ অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বিশ্বজুড়ে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকেও এগিয়ে যেতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে কার্যকরভাবে কাজে লাগিয়ে কর্মক্ষমতা ও দক্ষতা বাড়াতে হবে। কারণ এআই নিয়ে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে কাজ করাই এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মানবজাতিই সভ্যতার উন্নয়ন এবং কখনো কখনো তার অবক্ষয়ের জন্য দায়ী ছিল। কিন্তু এখন থেকে সভ্যতার পথচলায় মানুষ একা নয়, মানুষের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞান না থাকলে যে কোনো সময় বুমেরাং হয়ে যেতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে বন্ধু হিসেবে নিতে হবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ