নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক:
দীর্ঘ ১৫ বছর পর অবশেষে ভোলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১১ এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ১১টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গত সোমবার, মঙ্গলবার ও বুধবার (২৫, ২৬ ও ২৭ মার্চ) প্রতিদিন বিকেল ৫টা পর্যন্ত আনন্দঘন পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ছিল শনিবার (২৮ মার্চ) বিকেল ৫টা পর্যন্ত। আগামী ৩০ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং ১ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। এরপর ৩ এপ্রিল চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১১ এপ্রিল ২০২৬ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোলা প্রেসক্লাব ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন। কো-চেয়ারম্যান হিসেবে রয়েছেন কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো. এনামুল হক (সেলিম ভূইয়া) এবং জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন।
এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ইউসুফ (২), অ্যাডভোকেট আরিফুর রহমান, অ্যাডভোকেট তোয়াহা এবং খন্দকার আল-আমিন।
পদভিত্তিক প্রার্থীরা হলেন—সভাপতি পদে এম.এ. আহাদ চৌধুরী তুহিন, মো. ওমর ফারুক ও নজরুল হক অনু। সহ-সভাপতি পদে মেজবা উদ্দিন শিপু, মো. সুলাইমান ও আ. শহিদ তালুকদার।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আল আমিন শাহরিয়ার, নাসির উদ্দিন লিটন, মো. ইউনুছ শরীফ, এম. হেলাল উদ্দিন, অ্যাডভোকেট মনিরুল ইসলাম ও মো. আবজাল হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মো. কামরুল ইসলাম ও জসিম রানা।
কোষাধ্যক্ষ পদে মো. মিজানুর রহমান ও নুরে আলম ফয়েজ, দপ্তর সম্পাদক পদে ছোটন সাহা এবং নির্বাহী সদস্য পদে হারুণ অর রশিদ ও মো. মোতাছিম বিল্লাহ প্রার্থী হয়েছেন।
তবে ক্রীড়া সম্পাদক, পাঠাগার সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদক পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
দীর্ঘ বিরতির পর নির্বাচন ঘিরে প্রেসক্লাব এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থী ও ভোটাররা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছেন।
এর আগে ৭ মার্চ ভোলা প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সভায় ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেত।







