নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক:
হাসপাতাল থেকে বাবা-মা-ভাইসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ আদেশ দেন।
এর আগে হাসপাতালে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাপ্রদান এবং পুলিশ হেফাজত থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সসহ তার বাবা, মা, ভাই ও বোনসহ ১১ জনের নামোল্লেখ করে পুলিশ হামলা মামলা দায়ের হয়েছে। পুলিশ শনিবার মধ্যরাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় প্রিন্সসহ আট জনকে গ্রেপ্তার করে রবিবার দুপুরে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ তার বাবা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী, ভাই ফাহিম রাজা চৌধুরী, ও দেওয়ান শাহরিয়ার চৌধুরী পিয়াল, মা শাম্মী আক্তার পলি এবং বোন সাবরিনা চৌধুরী রূপকথাসহ প্রিন্সের দুই বন্ধুকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ হোসেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে দেওয়ান শাহরুখ রাজা চৌধুরীকে। তার ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সসহ পরিবারের সদস্য ও বন্ধুদেরও আসামি করা হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখ বলেন, মামলার আসামিকে গ্রেপ্তারের পর অসুস্থ হলে হাসপাতালে নেবার পর হত্যার গুজব ছড়িয়ে পুলিশের ওপর হামলা করা হয়।
এ ঘটনায় নিষিদ্ধ সংগঠনের নেতা প্রিন্স ও তার পরিবারের কয়েকজন সদস্যসহ আট জনকে সিলেট থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।








