ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,অমৃতালোক
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে পরিকল্পিত হামলার অভিযোগের প্রতিবাদে আশুগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে আশুগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন রুমিন ফারহানার সমর্থক নেতাকর্মীরা।
তারা অভিযোগ করেন, শহীদ মিনারের মতো পবিত্র স্থানে একজন সংসদ সদস্যের ওপর হামলার ঘটনা দুঃখজনক ও নিন্দনীয়। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন রুমিন ফারহানা সমর্থক গোষ্ঠীর প্রধান সমন্বয়ক মো নাসির মুন্সী, ইদ্রিস হাসান, আতাউর রহমান বাবুল। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকরা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, রুমিন ফারহানার ওপর হামলার সঙ্গে জড়িতদের বিচার দাবি করছি। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও বিভিন্ন জায়গায় আমাদের লোকদের ওপর হামলা করা হচ্ছে। আমরা শান্তি চাই, মিলেমিশে কাজ করতে চাই, কিন্তু তারা অশান্তি সৃষ্টি করছে।








