সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ

সংসদের বিশেষ অধিবেশন আহ্বানে রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট, পাশাপাশি সার্বিক আর্থসামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শুক্রবার (১৪ আগস্ট) রাষ্ট্রপতির কাছে এই চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে।

চিঠিতে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ–সংকট চলছে। লাগামহীন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পাশাপাশি শিল্পোৎপাদন, ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকাণ্ডও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিদ্যুৎ ও জ্বালানিসংকটের প্রত্যক্ষ প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে বলেও চিঠিতে উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা। তার দাবি, এর সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও ঘটেছে। এতে সাধারণ মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

চিঠিতে শফিকুর রহমান বলেন, ‘জনগণের প্রতিনিধি হিসেবে এই সংকটকালে আমরা নীরব থাকতে পারি না। দেশের এই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সংসদে অর্থবহ আলোচনা ও আশু সমাধান খোঁজা অত্যন্ত জরুরি।’

চিঠিতে বিদ্যুৎ, জ্বালানিসংকটসহ সংশ্লিষ্ট অন্যান্য সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ