নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশ। শনিবার (০৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় শুরু হওয়া এ সমাবেশে জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নিয়েছেন।
এদিন সকাল ৭টা ২০ মিনিটে সমাবেশস্থলে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- এনসিপির আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য শীর্ষ নেতারা।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এ লং মার্চ করছেন তারা।
সমাবেশ শেষে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু হওয়ার কথা রয়েছে। পথে চারটি পথসভা এরপর সন্ধ্যায় চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে। লংমার্চে নেতৃত্ব দেয়ার পাশাপাশি বিভিন্ন পথসভায় বক্তব্য দেবেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।
১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, চট্টগ্রামের পর আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে। এরপর ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করা হবে।
ধারাবাহিক এসব কর্মসূচি শেষে আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করার কথা রয়েছে।








