মার্চ ২৮, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ণ

যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতি স্থিতিশীল রাখতে মন্ত্রিসভার কমিটি গঠন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক:
ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংকটকে কেন্দ্র করে বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থায় টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ৭ সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।

সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অর্থমন্ত্রীকে সভাপতি করে গঠিত এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং খাদ্যমন্ত্রী।

এ কমিটির কার্যপরিধির ও দায়িত্বের মধ্যে রয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ করে বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব নিরূপণ করা। পাশাপাশি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা অনুষ্ঠিত হবে। অর্থ বিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মঙ্গলবার (১০ মার্চ) মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই নিয়ন্ত্রণ কক্ষ কার্যক্রম পরিচালনা করবে। এতে তিনটি শিফটে মোট ২১ জন কর্মকর্তা ও ৪২ জন কর্মচারী দায়িত্ব পালন করবেন।

রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী কল্যাণ সেন্টারে (লিফটের ৭ নম্বর তলা) নিয়ন্ত্রণ কক্ষটি স্থাপন করা হয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক তত্ত্বাবধান করবেন।

এছাড়া নিয়ন্ত্রণ কক্ষের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি বিবেচনায় বিদেশে অবস্থিত শ্রমকল্যাণ উইংগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। পাশাপাশি নির্ধারিত ফরম্যাট অনুযায়ী তথ্য সংগ্রহ করে নিয়মিতভাবে ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে জমা দেবেন।

প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং সংশ্লিষ্ট তথ্য সমন্বয়ের লক্ষ্যেই এই নিয়ন্ত্রণ কক্ষ পরিচালনা করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ