নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :
রূপগঞ্জে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের পর ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে মাজহারুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে রূপগঞ্জ ইউনিয়নের সুরিয়াবো এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সুরিয়াবো কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি নিয়ে রউফ মিয়া ও শরীফ মিয়ার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কমিটির বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার বাগ্বিতণ্ডা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার এশার নামাজের পর মসজিদ এলাকায় দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শরীফ মিয়ার পক্ষের কয়েকজন লোক ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে রউফ মিয়ার পক্ষের লোকজনের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। এ সময় রউফ মিয়ার পক্ষের লোকজনও পাল্টা হামলা চালালে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এতে কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
সংঘর্ষে রানী বেগম, মাসুদ মিয়া, রেজাউল, আবুল হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের পর সুরিয়াবো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের লোকজনের মধ্যে আবারও সংঘর্ষের আশঙ্কায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের লোকজনকে সরিয়ে দেয়। পরে এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে মাজহারুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। অভিযোগগুলো তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।








