আশরাফুল আলম সজিব, অমৃতালোক:
পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে ভোলা শহরের বিভিন্ন সড়ক ও ফুটপাতে জমে উঠেছে ইফতার সামগ্রীর জমজমাট বেচাকেনা। তবে এসব ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে চরম অস্বাস্থ্যকর ধুলাবালির পরিবেশে। ধুলাবালি, যানবাহনের ধোঁয়া ও পথচারীদের ভিড়ের মাঝেই খোলা অবস্থায় রাখা হচ্ছে পেঁয়াজু, বেগুনি, জিলাপি, ছোলা ও অন্যান্য ভাজাপোড়া খাবার।
শনিবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ দোকানে খাবার ঢেকে রাখার কোনো ব্যবস্থা নেই। পাশেই চলছে রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল। ফলে ধুলাবালি সরাসরি খাবারের ওপর জমছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
মো: আনোয়ার নামের একজন ক্রেতা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলছেন, ইফতারকে সামনে রেখে এক ধরনের অসাধু ব্যবসায়ীরা রাস্তার দুই পাশে খোলা আকাশের নিচে ইফতারির বিভিন্ন আইটেম তৈরী করে বিক্রি করছেন। সেখানে রিক্সা ট্রাক বাস মোটরসাইকেল সহ সকল ধরনের গাড়ি যাতায়াতে ধুলাবালি বিষাক্ত বিষাক্ত বাতাস উড়ে এসে খাবারের উপর পরে। তাতে অস্বাস্থকর হয়ে পরে এ খাবারগুলো। রমজানের পবিত্রতায় ইফতারের খাবার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত হওয়া অত্যন্ত জরুরি। কিন্তু বাস্তবে তা মানা হচ্ছে না।
স্বাস্থ্য সচেতনরা বলছেন, এ ধরনের খোলা ও অপরিষ্কার পরিবেশে বিক্রি হওয়া খাবার থেকে পেটের রোগ, ডায়রিয়া ও অন্যান্য সংক্রামক রোগের ঝুঁকি বাড়ে। তারা দ্রুত প্রশাসনের নজরদারি ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করার প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
সিভিল সার্জন অফিসের ভ্রাম্যমান আদালত পরিচালনার দায়িত্বে থাকা মেডিক্যাল অফিসার ডা. নাইমুল হাসনাত নাইম জানান, রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্মমানের উপকরন দিয়ে তৈরী করা ইফতার সহ যে কোনো খাবার খেলে হতে পারে ডায়রিয়া, আমাশয়, গ্যাস্ট্রিক পেটেব্যাথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। তাই অস্বাস্থ্যকর পরিবেশের এ সব খাবার না খাওয়াই ভালো।









