মোঃ আরিয়ান আরিফ/ মীর তানু, অমৃতালোক
ভোলাবাসীর আস্থার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা বিএনপি‘র আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর ভোলা জেলার পরিষদের প্রশাসক নিযুক্ত হয়েছেন। রোববার ( ১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে এ নিয়োগ দেয়া হয়। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল এবং কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগ পাওয়া প্রশাসকেরা জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ৩, এবং জেলা পরিষদ আইন ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক(৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তাঁরা বিধি মোতাবেক ভাতা পাবেন। প্রজ্ঞাপনে এক সাথে দেশের ৪২ জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করা হয়েছে ।
গোলাম নবী আলমগীর ভোলা পৌরসভার সাবেক মেয়র। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে গোলাম নবী আলমগীরকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তবে এ আসনটি জোট শরিক বিজেপি প্রার্থী আন্দালিব রহমান পার্থকে ছেড়ে দেন বিএনপি। গোলাম নবী আলমগীর দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে নেতা-কর্মীদের সঙ্গে জোটের প্রার্থীর পক্ষে কাজ করেন। দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি তার এই নিয়োগে ভূমিকা রেখেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। নতুন দায়িত্ব পাওয়ার পর গোলাম নবী আলমগীর বলেন, সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সঠিকভাবে পালনের চেষ্টা করবো। ভোলা জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে জেলা পরিষদকে আরও কার্যকরভাবে পরিচালনার জন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করা হবে।
জেলা পরিষদের নতুন প্রশাসক নিয়োগের খবরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। অনেকেই আশা প্রকাশ করছেন, তার নেতৃত্বে জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। ভোলা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন দৈনিক অমৃতালোক পত্রিকার উপদেষ্টা সম্পাদক অধ্যক্ষ এম ফারুকুর রহমান,সম্পাদক আলহাজ্ব এম.এ. আহাদ চৌধুরী তুহিন, মাল্টিমিডিয়া সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম কায়েদ , ব্যবস্থাপনা সম্পাদক: মো: ইউনুছ আল মামুন । অমৃতালোক পরিবার মনে করে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের নেতৃত্বে ভোলা জেলা পরিষদ দুর্নীতিমুক্ত হয়ে জেলার আর্থসামাজিক উন্নয়নের পরিষদ হবে ।








