বিনোদন ডেস্ক,অমৃতালোক:
বলিউডের লাস্যময়ী অভিনেত্রী প্রীতি জিনতা আবারও আলোচনায়। মুম্বাইয়ের বান্দ্রার পালি হিলসে অবস্থিত ১১ তলার বিলাসবহুল ফ্ল্যাট ১৮.৫ কোটি টাকায় বিক্রি করে দিলেন তিনি। সম্প্রতি সম্পত্তির আইনি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। ফ্ল্যাটটি প্রায় ১,৭৭০ বর্গফুটের এবং পুনর্নির্মাণের পর প্রীতি নতুন মালিকানা পেয়েছিলেন। ক্রেতারা ভারতীয় বংশোদ্ভূত দুই আমেরিকান নাগরিক প্রিয়া নাগর এবং রাজীব নাগর।
গত নভেম্বরেই মাসেই একই বিল্ডিংয়ের ১১ তলায় নিজের আরেকটি ফ্ল্যাট ১৪ কোটি টাকায় বিক্রি করেছিলেন প্রীতি। মাত্র চার মাসের ব্যবধানে দুটি সম্পত্তি বিক্রির ঘটনা ভক্তদের মনে প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকে ধরে নিচ্ছেন, প্রীতি কি মুম্বাইয়ের আরও বড় কোনো বিনিয়োগ বা ১০০ কোটির বাংলো কিনতে যাচ্ছেন, নাকি চিরতরে বিদেশে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন।
তবে ওয়াকিবহাল মহলের মতে, মুম্বাই বা ভারতের সঙ্গে প্রীতির সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন হওয়া কার্যত অসম্ভব। কারণ তিনি আইপিএল দল ‘পাঞ্জাব কিংস’-এর মালিক হিসেবে বছরে একটি বড় সময় ভারতে কাটান এবং তার একাধিক বাণিজ্যিক স্বার্থও দেশের মাটির সঙ্গে জড়িয়ে। তাই সম্পত্তি বিক্রির এই হাতবদল হয়ত নিছক বাণিজ্যিক লাভ বা নতুন প্রকল্পের জন্য হতে পারে। বিষয়টি নিয়ে সব ধরনের দর্শকের মধ্যে কৌতুহল চলছে।








