সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ

নিউমার্কেট এলাকায় যুবদল ও ছাত্রদলের সংঘর্ষ, আহত ১০

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ছাত্রদল ও স্থানীয় যুবদলের নেতাকর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ফুটপাতে দোকান বসানো নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন উদ্দিন আতিক বলেন, দুই পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে সেখানে যায় পুলিশ। উভয় পক্ষের পাঁচ–ছয়জন করে আহত হয়েছেন। তবে কী কারণে মারামারি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিউমার্কেট এলাকার বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে দোকান বসানো নিয়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মুখোমুখি হন। কথা কাটাকাটির জের ধরে প্রথমে যুবদলের নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। তারা ক্ষুব্ধ হয়ে কলেজে ফিরে যান। কিছু সময় পর সংঘবদ্ধ হয়ে এসে যুবদল নেতাকর্মীদের ওপর হামলা করেন। তখন উভয় পক্ষের কাছে লাঠিসোঁটা ছাড়াও ধারালো অস্ত্র দেখা গেছে। এ সময় আরও কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্যবসায়ীদের অভিযোগ, ফুটপাতে দোকান বসানোর বিনিময়ে নির্দিষ্ট অঙ্কের চাঁদা আদায় করেন নেতাকর্মীরা। এ কারণে ফুটপাতে আধিপত্য বিস্তার ও চাঁদা আদায় নিয়ে তাদের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যুবদল বা ছাত্রদলের বক্তব্য জানা সম্ভব হয়নি।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ