এপ্রিল ২৪, ২০২৬ ১০:০৭ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ থেকে অপহৃত শিশু উদ্ধার, অভিযুক্ত যুবক আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :
নারায়ণগঞ্জ থেকে অপহরণের শিকার সাড়ে চার বছরের এক শিশুকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করে পরে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। আটক যুবক শান্ত (১৯), নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার কালনি গ্রামের দেলোয়ার মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারায়ণগঞ্জের শিশু মাইশা অপহরণের বিষয়টি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে।

এ সময় অভিযুক্ত যুবক শিশুটিকে নিয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের দিকে আসছিল। পথে শিশুটির অস্বাভাবিক আচরণ ও কান্নাকাটি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে অসংলগ্ন কথা বলতে থাকে।
একপর্যায়ে স্থানীয়রা তাকে আটক করে ফুলছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মালেকের বাসায় নিয়ে যায়।

সেখানে আরো জিজ্ঞাসাবাদের মুখে অভিযুক্ত যুবক অপহরণের বিষয়টি স্বীকার করে।
ঘটনার খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

ফুলছড়ি থানা সূত্র জানায়, উদ্ধার হওয়া শিশুটির পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জ পুলিশের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। তারা ইতোমধ্যে ফুলছড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

তবে শিশু মাইশার পরিবার সম্পর্কে তাৎক্ষণিকভাবে সূত্রটি বিস্তারিত জানাতে পারেনি।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ