মার্চ ১, ২০২৬ ৪:৫৭ পূর্বাহ্ণ

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: প্রধান আসামি নূরাসহ গ্রেপ্তার ২

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোকঃ

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।

নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক জানান, মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাকে গাজীপুরের মাওনা থেকে এবং হযরত আলী নামের অন্য এক আসামিকে ময়মনসিংহের গৌরিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে গত বুধবার রাতে বাবার সঙ্গে খালার বাড়ি যাওয়ার পথে ওই কিশোরীকে অপহরণ করে একদল দুর্বৃত্ত। পরদিন বৃহস্পতিবার সকালে জেলার মহিষাশুড়া ইউনিয়নের একটি সরিষা খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ১৫ দিন আগেও ওই কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছিল। সেই ঘটনার বিচার চাইতে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে আসামিরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, এই ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ানসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। শুক্রবার নূরা ও হযরত আলীকে গ্রেপ্তারের মাধ্যমে এখন পর্যন্ত মোট ৭ জন গ্রেপ্তার হলেন বলে তিনি জানান।

এদিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আহম্মদ আলী দেওয়ানকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি। শুক্রবার রাতে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ