নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :
চট্টগ্রামের পটিয়ায় রেললাইনে ঘেঁষে পার্ক করা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঢাকা থেকে কক্সবাজারগামী আন্তনগর পর্যটক এক্সপ্রেস ট্রেনের একাধিক বগির দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত চারটি দরজা খুলে মাটিতে পড়ে যায়। তবে কোনো যাত্রী হতাহত হননি।
রোববার (১৯ এপ্রিল) দুপুর ১টা ৫১ মিনিটের দিকে পটিয়া স্টেশন থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে খরনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দোহাজারী রেলওয়ের সহকারী স্টেশনমাস্টার জাফর আলম বলেন, ‘রোববার দুপুরে হঠাৎ কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন দোহাজারী স্টেশনে এসে থামে। এ সময় ট্রেনের চালক ও গার্ডের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, খরনা এলাকায় একটি ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা লেগে পাঁচটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে টেনের ১০টি দরজার ক্ষতি হয়। তার মধ্যে চারটি খুলে মাটিতে পড়ে যায়। কিছু দরজা খুলে বগির সঙ্গে ঝুলে থাকতে দেখেছেন তিনি। পরে ট্রেনটি ২৫ মিনিট পর কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।’
ট্রেনটির গার্ড ওমর ফারুক বলেন, খরনা ও কাঞ্চননগর স্টেশনের মাঝামাঝি এলাকায় রেললাইনের পাশে একটি ট্রাক পার্কিং করার সময় এর পেছনের অংশের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে ৫টি বগির ১০ থেকে ১২টি দরজা ক্ষতিগ্রস্ত হয়। ৪টি দরজা খুলে মাটিতে পড়ে যায়। তবে কোনো যাত্রী আহত হননি। প্রায় ২৫ মিনিট পর ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় এক বাসিন্দা ঘটনাস্থলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।সেখানে রেললাইনের পাশে একাধিক দরজা পড়ে থাকতে দেখা যায়।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনিসুর রহমান জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি রফিকুল ইসলাম জানান, কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেসের সঙ্গে মাছ বোঝাই একটি মিনি ট্রাকের ঘষা লাগার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়। ওই ঘটনায় পর্যটন এক্সপ্রেসের ১০ থেকে ১২টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানতে পারি। আমরা মাছবোঝাই মিনি ট্রাকটি খুঁজছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।








