এপ্রিল ১৭, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ

ছুটির ঠিকানা যখন নিজের বাড়ি, একঘেয়েমি কাটানোর সহজ উপায়

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

লাইফষ্টাইল ডেস্ক,অমৃতালোক :

প্রতিদিনের ইঁদুর দৌড় আর কাজের পাহাড় পেরিয়ে আমাদের শরীর ও মন যখন ক্লান্ত, তখন ছুটি মানেই মনে হয় একটু শান্তি। অনেকে ঘুরতে ভালোবাসলেও, ক্লান্তির কারণে বাড়ির আরাম ছেড়ে বের হতে চান না অনেকেই। তাদের জন্য সমাধান একটাই— বাড়িতেই ছুটি কাটানো। সামান্য কিছু অদলবদল আর নিজের জন্য একটু সময় বের করলেই আপনার ঘর হয়ে উঠতে পারে ছুটির স্বর্গরাজ্য।

ছুটির আমেজ আনতে ঘরের সাজে আনুন নতুনত্ব। বছরের অন্য সময়ের একঘেয়েমি কাটাতে ব্যবহার করুন উজ্জ্বল রঙের চাদর, পর্দা বা কুশন কভার। হলুদ, সবুজ বা কমলা রঙের ছোঁয়া ঘরকে সজীব করে তুলবে। বারান্দার কোণে বা ছাদের একপাশে বেতের মোড়া আর পছন্দের কিছু গাছ দিয়ে তৈরি করুন নিজের রিডিং কর্নার।

এক কাপ চা আর প্রিয় বই নিয়ে সেখানে কাটিয়ে দিতে পারেন অলস দুপুর।
সারাবছর স্মার্টফোন আর ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে আমরা ক্লান্ত। এই ছুটিতে সেগুলোকে বিশ্রাম দিন। ডিজিটাল ক্যামেরা বা হ্যান্ডিক্যাম বের করে বাড়ির সদস্যদের ছোট ছোট মুহূর্ত ফ্রেমবন্দি করুন।

ফোনের প্লে-লিস্ট নয়, ধুলো ঝেড়ে বের করুন পুরনো সিডি প্লেয়ার বা রেকর্ড। মন চাইলে রং-তুলি নিয়ে বসে পড়ুন অনেকদিন না করা শখের কাজে।
ছুটি মানেই ডায়েটকে ছুটি দিয়ে ভালো মন্দ খাওয়া। চাইলে ইউটিউব দেখে নতুন কোনো ভিনদেশি রান্না ট্রাই করতে পারেন, অথবা স্রেফ পছন্দের রেস্তোরাঁ থেকে আনিয়ে নিতে পারেন মনের মতো খাবার। পাশাপাশি নিজের যত্ন নিতে বাড়িতেই বুক করতে পারেন স্পা বা বিউটি ট্রিটমেন্টের পরিষেবা।

গা এলিয়ে সিনেমা বা ওয়েব সিরিজ দেখার জন্য তো স্মার্ট টিভি বা হোম থিয়েটার রইলই।
সবচেয়ে জরুরি হলো প্রিয়জনদের সময় দেওয়া। ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে বাড়ির লোকেদের সাথে জমিয়ে আড্ডা দিন, পুরনো কথা ঝালিয়ে নিন। চাইলে বন্ধুদের ডেকে ছোটখাটো একটা হাউস পার্টিও করে ফেলা যায়।

মনে রাখবেন, ছুটি মানে কেবল জায়গা পরিবর্তন নয়, ছুটি মানে মনের প্রশান্তি। আপনার ঘর যদি হয় সেই শান্তির ঠিকানা, তবে তার চেয়ে আরামদায়ক আর কী-ই বা হতে পারে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ