মার্চ ১, ২০২৬ ৫:৩২ পূর্বাহ্ণ

উপজেলা প্রকৌশলীকে ঠিকাদারের হুমকি!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
সংগৃহীত ছবি

চট্টগ্রাম প্রতিবেদক, অমৃতালোকঃ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরীর সঙ্গে এক ঠিকাদারের ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই অডিওতে উপজেলা প্রকৌশলীকে অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ঠিকাদার মহসিন হায়দারের বিরুদ্ধে। তিনি ‘মেসার্স মহসিন অ্যান্ড ব্রাদার্স’-এর স্বত্বাধিকারী।

ভাইরাল হওয়া কথোপকথনে শোনা যায়, ঠিকাদার প্রকৌশলীকে উদ্দেশ করে বলেন, ‘রুমে ঢুকে একদম ফুটবলের মতো লাথি দেব। ব্যাংকে যে চিঠি লিখেছিস, সেটি সরিয়ে নে। আমার বিল আটকে রেখেছিস, বিল দেওয়ার ব্যবস্থা কর।’ এছাড়া সরকারি দপ্তরে প্রবেশ করে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি এবং স্থানীয় প্রভাব ব্যবহারের ইঙ্গিতও অডিওতে রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রশাসনিক ও সামাজিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, একজন সরকারি কর্মকর্তার প্রতি এমন আচরণ ও হুমকি গুরুতর অপরাধের শামিল। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে মহসিন হায়দার দাবি করেন, দুটি প্রকল্পের ফাইল আটকে রেখে উপজেলা প্রকৌশলী তার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন। পরে বিল সংক্রান্ত জটিলতা তৈরি হওয়ায় তিনি উত্তেজিত হয়ে অশোভন ভাষা ব্যবহার করেছেন বলে স্বীকার করেন। একই সঙ্গে তিনি এটিকে নিজের ভুল হিসেবেও উল্লেখ করেন।

এদিকে উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী ঘুষ নেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে জানান, অনিয়মের কারণে বিল স্থগিত করায় ঠিকাদার ক্ষুব্ধ হয়ে এমন আচরণ করেছেন। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ