নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :
যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। বর্তমানে তিনি শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি) চিকিৎসাধীন রয়েছেন। সোমবার কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এ এম মাসুম গণমাধ্যমে এ তথ্য জানান। তিনি বলেন, সকাল ১১টায় কারাগারে অসুস্থ হয়ে পড়লে খায়রুল হককে হাসপাতালে আনা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধাীন আছেন তিনি।
গত ২৪শে জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জুলাই আন্দোলনের সময় যুবদলের এক কর্মীকে হত্যার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠায় আদালত। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধান বিচারপতিকে হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে পাঠানো হয়। এ বি এম খায়রুল হক ছিলেন বাংলাদেশের ১৯তম প্রধান বিচারপতি। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রাজনৈতিক পক্ষপাত, বিতর্কিত রায় দেওয়া এবং সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ উঠেছে।






