এইচ. এম. হাবিবুল্লাহ্ , অমৃতালোক:
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচার (Propaganda) রোধে ভোলায় সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের সাথে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) ভোলা জেলা প্রশাসনের আয়োজনে এবং মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলার জেলা প্রশাসক (ডিসি) ডা. শামীম রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের কারণে সমাজে নানা ধরনের বিশৃঙ্খলা ও উস্কানিমূলক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, যা নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। ভুল তথ্যের কারণে মানুষের মনে নানাবিধ সন্দেহের উদ্রেক ঘটছে।
তিনি প্রযুক্তির নেতিবাচক ব্যবহারের কথা উল্লেখ করে বলেন, বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম সবার জন্য উন্মুক্ত ও সহজলভ্য হওয়ায় যে কেউ চাইলেই যেকোনো তথ্য মুহূর্তের মধ্যে ছড়িয়ে দিতে পারছে। অতীতে গণমাধ্যমে কোনো সংবাদ প্রকাশের আগে কঠোর যাচাই-বাছাইয়ের সুযোগ ছিল, যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে ঘটছে না। ব্যক্তি তার নিজস্ব ফেসবুক আইডি থেকে তথ্যের সত্যতা (Fact-checking) যাচাই ছাড়াই তা প্রচার করছেন।
তিনি আরও বলেন, আগে অপপ্রচারকারী চিহ্নিত করা সহজ হলেও, বর্তমানে এই সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় শুধু আইনগত বা বিচারিক ব্যবস্থা নিয়ে এটি পুরোপুরি দমন করা সম্ভব নয়। এটি কোনো টেকসই সমাধানও হতে পারে না। এই সংকট মোকাবিলায় একমাত্র বস্তুনিষ্ঠ সাংবাদিকরাই সচেতনতা তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন। সাংবাদিকদের পরামর্শের ভিত্তিতে জেলা প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি আশ্বাস দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে ভোলার পুলিশ সুপার (এসপি) জনাব শহিদুল্লাহ কাউসার বলেন, বিগত সরকারের আমলের সাইবার সিকিউরিটি আইন পরিবর্তন হওয়ায় এখন চাইলেই কাউকে সরাসরি গ্রেফতার করা যায় না। বিশেষ করে ২০২৫ সালের পর থেকে অনলাইনে প্রোপাগান্ডা ও মিস-ইনফরমেশনের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে। তিনি উল্লেখ করেন যে, পুলিশ প্রশাসন সাইবার অপরাধ দমনে তৎপর রয়েছে। তবে সাংবাদিকদের সচেতনতা এবং সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার মাধ্যমেই কেবল এই অপপ্রচার প্রতিরোধ ও প্রতিহত করা সম্ভব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভোলা জেলার সিভিল সার্জন জনাব মনিরুল ইসলাম, ভোলা পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বেলাল হোসেন, জেলা তথ্য অফিসার মো: নুরুন্নবী এবং জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব তোতামিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক জনাব হেলাল গোলদারসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার পেশাদার সাংবাদিকবৃন্দ।








