নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক:
রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল নেওয়ার জন্য ক্রেতার লাইন এখনো দীর্ঘ। তেলসংকট নিয়ে যে ভয়ভীতি ছিল তা অনেকটা কমেছে। কিছু পাম্পে তেল পাওয়া গেলেও অনেকগুলোতে সরবরাহ কম থাকায় তা মিলছে না। সব মিলিয়ে তেল নিয়ে ভোগান্তি এখনো কাটেনি রাজধানীবাসীর।
মিরপুর কালশীতে সুমাত্রা ফিলিং স্টেশনে গতকালও তেল নিয়ে প্রাইভেট কারের দীর্ঘ লাইন লক্ষ করা যায়। তেল নিতে কেউ কেউ দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ছিলেন। মিরপুর শ্যাওড়াপাড়ার বাসিন্দা আবু সুফিয়ান বলেন, ‘সামনে ঈদের ছুটি। দুই-এক দিনের মধ্যে অফিসও বন্ধ হয়ে যাবে। এজন্য কষ্ট করে হলেও গাড়িতে তেল নিয়ে রাখছি।’
তবে রাজধানীর সব পেট্রোল পাম্পে গতকাল তেল পাওয়া যায়নি। তিন দিন ধরে ‘তেল নেই’ ব্যানার ঝুলতে দেখা যায় পরীবাগের পূর্বাচল ট্রেডার্স ফিলিং স্টেশনটিতে। এ স্টেশনের ক্যাশিয়ার মো. জাফর জানান, মাসে যে পরিমাণ তেল তারা ডিপো থেকে পেতেন, তার ভিত্তিতে তেল দেওয়া হচ্ছে। আগে তেলের চাহিদা কম থাকায় দুই থেকে তিন দিন বিক্রি করতে পারতেন। এখন চাহিদা বেশি থাকায় এক দিনেই সে তেল বিক্রি হয়ে যাচ্ছে। ফলে বাকি দিনগুলোতে তারা তেল বিক্রি করতে পারছেন না। এ ছাড়া রাজধানীর মৎস্য ভবন মোড়ের রমনা ফিলিং স্টেশনে গতকাল লাইন ধরে ক্রেতাদের জ্বালানি তেল কিনতে দেখা যায়। সবুজ মিয়া নামে এক পাঠাও মোটরসাইকেল চালক বলেন, গত কয়েকদিনের চেয়ে গাড়ির লাইন এখন কিছুটা ছোট হয়ে এসেছে। তেল নিয়ে মানুষের মধ্যে থাকা ভয়ও আগের চেয়ে কমেছে।








