৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলার লালমোহনে সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

লালমোহন প্রতিনিধি,অমৃতালোক :
ভোলার লালমোহন উপজেলায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. কবির হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির আরো ৪ যাত্রী। নিহত কবির হোসেন চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আবু বক্করপুর ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে।
জানা গেছে, রোববার সকালে যাত্রীবাহী একটি সিএনজি চরফ্যাশন থেকে ভোলার দিকে যাচ্ছিল। সিএনজিটি লালমোহনের ডাওরি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজির যাত্রী মো. কবির হোসেন। তবে ঘটনার পর ট্রাক ও সিএনজির চালক পালিয়ে যান। এছাড়া স্থানীয়রা সিএনজির আরো ৪ যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ট্রাক ও সিএনজি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ