১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

অমৃতালোক প্রতিবেদক:

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদে ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। শনিবার (৪ অক্টোবর) রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে, যা চলবে ২৬ অক্টোবর পর্যন্ত।
এই সময়ে নদীতে সব ধরনের মাছ ধরা, জাল ফেলা, ইলিশ বিক্রি ও মজুদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এ আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা জানান, প্রতিবছর আশ্বিন মাসে মা ইলিশ নদীতে ডিম ছাড়ে। তাই মা ইলিশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মে ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য সরকার ২২ দিনের এ নিষেধাজ্ঞা দিয়েছে। নিষেধাজ্ঞা চলাকালীন নদীতে মাছ ধরা নৌকা ও ট্রলার চলাচলও কঠোর নজরদারির আওতায় আনা হবে। এ সময়ে জেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান চালাবে।
তিনি আরও জানান, নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে সরকার তাদেরকে বিশেষ খাদ্য সহায়তা দেবে। ইতোমধ্যে ভোলা জেলায় তালিকাভুক্ত নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ভোলা দেশের সর্ববৃহৎ ইলিশ উৎপাদনকারী জেলা। জাতীয় উৎপাদনের প্রায় অর্ধেক ইলিশ ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে আসে। মা ইলিশ রক্ষা কার্যক্রমের ফলে গত কয়েক বছরে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।
অমৃতালোক/জাস/০৩/১০/২৫

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ