দৌলতখান প্রতিনিধি,অমৃতালোক :
ভোলার দৌলতখান উপজেলায় বস্তা পরিবর্তন করে পাচারের সময় সরকারি ১০০ বস্তা চালসহ হৃদয় নামের এক নসিমন চালককে আটক করা হয়েছে। নসিমন চালক হৃদয় ভোলা সদর উপজেলার বাসিন্দা। জব্দকৃত চাল বর্তমানে দৌলতখান থানা পুলিশের হেফাজতে রয়েছে। আজ বৃহস্পতিবার (২৬জুন) দুপুরে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, বুধবার দিবাগত রাতে দৌলতখান থেকে নসিমনে করে প্রায় ১০০ বস্তা চাল ভোলা সদরে নেওয়ার সময় বাংলাবাজার সাবরেজিস্ট্রি অফিসের সামনে থেকে নসিমন চালকসহ আটক করেন বাংলাবাজার ফাঁড়ি পুলিশ।পরে আটক নসিমন চালকসহ চালগুলো দৌলতখান থানায় নিয়ে আসে। চালগুলো সরকারি বস্তা পরিবর্তন করে সাধারণ বস্তায় করে নিয়ে যাওয়া হচ্ছিল। চালগুলো সরকারি গুদামের এটা নিশ্চিত হওয়া গেছে। তবে বস্তা পরিবর্তন করায় এগুলো কোন প্রকল্পের তা নিয়ে পরীক্ষা চলছে। যদি সঠিক কাগজপত্র দেখাতে পারে তাহলে আদালতের মাধ্যমে ছাড়া পাবে। অন্যথায় নিয়মিত মামলা হবে।
দৌলতখান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শুভাশ চন্দ্র পাল জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে চালগুলো উপজেলার ভবানীপুর ইউনিয়নে কাবিখা(কাজের বিনিময়ে খাদ্য)প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে। এ প্রকল্পে ৯টন চাল বরাদ্দ হয়েছে। চালগুলো প্রকল্প কর্মকর্তা উপজেলার মধ্যেই বিক্রি করে কাজসম্পন্ন করতে পারবে। অন্য উপজেলায় নেওয়া যাবে না।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়তি রাণী কৈরী জানান, চালের বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
অমৃতালোক / সারাদেশ






