সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৮:৩৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎ-মুখী সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সোয়াল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎ–মুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার ভেতরে থেকেই দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই অবস্থান স্পষ্ট করেন।

ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, “এটাই ভারতের মনোভাব। আমরা এই সম্পর্ককে ইতিবাচক ও গঠনমূলক দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, যা হবে ভবিষ্যৎ–মুখী।”

আসাদ আলম সিয়ামের ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগের গুঞ্জন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সোয়াল জানান, দুই দেশের বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার মধ্য থেকেই তারা যাবতীয় দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যেতে চান। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর বা পূর্বশর্ত নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। এছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কোনো বৈঠক হবে কি না, সে বিষয়েও তার কাছে কোনো তথ্য নেই বলে জানান।

দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি ও সম্পৃক্ততার আরেকটি বড় প্রমাণ মিলল ভারতের বিমানবাহিনীর আসন্ন মহড়ায়। ভারতের রাজস্থানের যোধপুর এয়ার ফোর্স স্টেশনে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুপক্ষীয় যুদ্ধবিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’।

এই মহড়ায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীও সি-১৩০জে বিমান নিয়ে অংশ নিচ্ছে। এছাড়া ৩২টি দেশ এই মহড়ায় পর্যবেক্ষক হিসেবে থাকবে। এর আগে ২০২৪ সালে প্রথম অনুষ্ঠিত তরঙ্গ শক্তি মহড়ায় বাংলাদেশ শুধু পর্যবেক্ষক হিসেবে অংশ নিলেও এবার সরাসরি মহড়ায় অংশ নিচ্ছে, যা দুই দেশের সামরিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ