নভেম্বর ২৬, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ

বাংলাদেশি পণ্যে ১৮% নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক:

‘অন্যায্য উৎপাদন চর্চা’ ও ‘অপর্যাপ্ত শ্রম সুরক্ষা’র অভিযোগে এক বাণিজ্য তদন্তের পর বাংলাদেশ থেকে আমদানি করা সব পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। নিজেদের অন্যতম প্রধান কয়েকটি বাণিজ্যিক অংশীদারের ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদন নিয়ে ‘সেকশন ৩০১’ তদন্তের পর এই শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।

বাংলাদেশ ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন, চীন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, জাপান ও ভারতের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।
বাংলাদেশি পণ্যে ১৮% নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রেরগতকাল বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার এই ঘোষণা দেন। ওয়াশিংটন যাকে উৎপাদন খাতে ‘কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদন’ হিসেবে বর্ণনা করছে, সেই অভিযোগে ১৪টি অর্থনীতিকে লক্ষ্য করে ‘সেকশন ৩০১’-এর আওতায় নেওয়া বিস্তৃত বাণিজ্য সিদ্ধান্তের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হলো।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি রপ্তানিকারকরা আগে থেকেই যে প্রায় ২৫ শতাংশ বিদ্যমান শুল্কের মুখোমুখি হচ্ছেন, নতুন এই শুল্ক তার ওপর অতিরিক্ত হিসেবে যুক্ত হবে।

বিভিন্ন দেশ ও পণ্যের ক্ষেত্রে আলাদা শুল্কহার প্রযোজ্য হবে। ভিয়েতনামের ওপর সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত এবং বাকিগুলোর ক্ষেত্রে ২০ বা ২৫ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে।

তৈরি পোশাকসহ বাংলাদেশের উৎপাদন ও রপ্তানি খাতের বিভিন্ন নীতি নিয়ে আট মাসের তদন্ত শেষে এ প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)।

ওয়াশিংটনের অভিযোগ, শিল্পে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা, রপ্তানি প্রণোদনা, শ্রমিক অধিকার সুরক্ষায় ঘাটতি এবং আর্থিক খাতের কিছু নীতির কারণে যুক্তরাষ্ট্রের উৎপাদক ও রপ্তানিকারকরা বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এসব অভিযোগের ভিত্তিতে বাংলাদেশসহ ১৪টি বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
তবে বাংলাদেশের ক্ষেত্রে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব থাকলেও তা বিদ্যমান শুল্কের সঙ্গে সরাসরি যোগ হবে কি না, তা এখনই নিশ্চিত নয়।

ইউএসটিআরের প্রস্তাবে বলা হয়েছে, বিদ্যমান সেকশন ৩০১ শুল্ক বাদ দিয়ে সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক বিবেচনা করা হবে। কিছু পণ্য শুল্কের আওতার বাইরে রাখার প্রস্তাবও রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক বাণিজ্য চুক্তি এবং অন্যান্য শুল্কসংক্রান্ত ব্যবস্থার বিষয়ও বিবেচনায় নেওয়া হবে।

ফলে বাংলাদেশের রপ্তানিকারকদের ওপর প্রকৃত শুল্কের চাপ কতটা বাড়বে, তা চূড়ান্ত সিদ্ধান্তের আগে স্পষ্ট হচ্ছে না।
গতকাল প্রকাশিত ইউএসটিআরের ঘোষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের সেকশন ৩০১-এর আওতায় ১৪টি অর্থনীতির বিরুদ্ধে তদন্ত শেষে তাদের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য অযৌক্তিক ও ক্ষতিকর বলে নির্ধারণ করা হয়েছে। তালিকায় রয়েছে বাংলাদেশ, চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, জাপান ও ভারত। মেক্সিকো ও নরওয়ের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বেইজিং ‘বাণিজ্যযুদ্ধের’ বিরোধিতা করলেও পাল্টা শুল্ক আরোপের কোনো হুমকি দেয়নি।

দেশভেদে প্রস্তাবিত শুল্কহারও আলাদা। চীনের পণ্যে ২০ শতাংশ এবং ভিয়েতনামের পণ্যে ৩৫ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে। সিঙ্গাপুরের ক্ষেত্রে ২০ শতাংশ, ভারতীয় পণ্যে ২৫ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও তাইওয়ানের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ শতাংশ শুল্কের প্রস্তাব রয়েছে। চীনের পণ্যের ওপর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুল্কের সর্বোচ্চ ২০ শতাংশ হারও বহাল রাখবে যুক্তরাষ্ট্র। এর আগে অবশ্য দেশটির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন।

এ ছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া ও থাইল্যান্ডের ক্ষেত্রে প্রস্তাবিত হার সর্বোচ্চ ১৮ শতাংশ। এসব হারও বিদ্যমান চুক্তি ও শুল্ক ব্যবস্থার শর্ত বিবেচনায় কার্যকর হবে। অর্থাৎ প্রস্তাবিত হারই সব ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক হিসেবে যোগ হবে না।

বাংলাদেশের বিষয়ে ইউএসটিআরের প্রতিবেদনে পাঁচটি নীতিকে আপত্তিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো—শিল্প ও উৎপাদন খাত সম্প্রসারণে সরকারি পরিকল্পনা, বিশেষ করে গুরুত্বপূর্ণ শিল্পে উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ; উৎপাদন ও রপ্তানি উৎসাহিত করতে প্রণোদনা দেওয়া; শ্রমিকদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা না থাকা; আর্থিক খাতে নিয়ন্ত্রণমূলক নীতি; এবং বৈশ্বিক অতিরিক্ত উৎপাদন ও সক্ষমতার সমস্যা মোকাবেলায় ব্যর্থতা। শেষ অভিযোগের ক্ষেত্রে অ-বাজার অর্থনীতির দেশ থেকে আমদানি ও সরাসরি বিদেশি বিনিয়োগের বিষয়ও উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র।

ইউএসটিআরের দাবি, এসব নীতির ফলে যুক্তরাষ্ট্রের উৎপাদক ও রপ্তানিকারকরা বাংলাদেশে এবং তৃতীয় দেশের বাজারে বাণিজ্যিক সুযোগ হারাচ্ছেন। এতে যুক্তরাষ্ট্রের উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে তৈরি পোশাক ও অ্যাপারেল খাতকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

প্রতিবেদনে বাংলাদেশের রপ্তানি প্রণোদনা ও শিল্পের উৎপাদন সক্ষমতা নিয়েও তথ্য তুলে ধরা হয়েছে। ইউএসটিআরের হিসাবে, দেশের ৪৩টি খাত রপ্তানি প্রণোদনার আওতায় রয়েছে। সিমেন্ট শিল্পের উদাহরণ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে দেশে সিমেন্টের ব্যবহার ছিল প্রায় তিন কোটি ৮০ লাখ টন, যা উৎপাদন সক্ষমতার ৪০ শতাংশেরও কম। ২০২৫ সালে চাহিদা আরো কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে, এ ধরনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও সরকারি সহায়তা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতাকে প্রভাবিত করছে।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্যেও বড় উদ্বৃত্তের বিষয়টি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। ইউএসটিআরের হিসাবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পণ্য বাণিজ্যে উদ্বৃত্ত ৬১৫ কোটি ডলার। এ পরিস্থিতিতে বাংলাদেশের শিল্পনীতি, রপ্তানি সহায়তা ও শ্রমিক অধিকারসংক্রান্ত নীতিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে দেখছে ওয়াশিংটন।

তবে নতুন শুল্ক প্রস্তাবের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আগের বাণিজ্য চুক্তিগুলোও বিবেচনায় থাকবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিভিন্ন দেশের আগে হওয়া বাণিজ্য চুক্তিতে নির্ধারিত শুল্কসীমা অক্ষুণ্ন রাখার কথা জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। আগের কিছু শুল্কের ওপর নতুন শুল্ক সরাসরি যোগ না করার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। ফলে ঘোষিত সর্বোচ্চ হার এবং কোনো পণ্যের ক্ষেত্রে শেষ পর্যন্ত কার্যকর শুল্কের মধ্যে পার্থক্য থাকতে পারে।

প্রস্তাবটি এখনো চূড়ান্ত নয়। ইউএসটিআর জানিয়েছে, এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত ও শুনানির সুযোগ থাকবে। ২০২৭ সালের ৫ জানুয়ারির মধ্যে লিখিত মতামত এবং শুনানিতে অংশ নেওয়ার আবেদন জমা দিতে হবে। শুনানি শুরু হওয়ার কথা ২৫ জানুয়ারি। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশের জন্য এই প্রস্তাবের তাৎপর্য শুধু শুল্কের হারেই সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম প্রধান রপ্তানি বাজার। নতুন শুল্ক কার্যকর হলে পণ্যের দাম ও প্রতিযোগিতার সক্ষমতায় প্রভাব পড়তে পারে। বিশেষ করে যেসব দেশের সঙ্গে বাংলাদেশের সরাসরি প্রতিযোগিতা রয়েছে, তাদের ওপর প্রযোজ্য শুল্কহার এবং বাণিজ্য চুক্তির সুবিধা তুলনা করে দেখতে হবে। একই সঙ্গে শ্রমিক সুরক্ষা, রপ্তানি প্রণোদনা ও শিল্পনীতির বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি দূর করতে না পারলে ভবিষ্যৎ বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ওপর চাপ বাড়তে পারে।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল কালের কণ্ঠকে বলেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সক্ষমতা (এক্সেস ক্যাপাসিটি) সংক্রান্ত তদন্তের আওতায় প্রথমে ১৬টি অর্থনীতিকে অন্তর্ভুক্ত করার কথা থাকলেও শেষ পর্যন্ত ১৪টি অর্থনীতিকে রাখা হয়েছে। বাদ পড়েছে দুটি দেশ, যার মধ্যে বাংলাদেশের অন্যতম প্রতিযোগী পাকিস্তানও রয়েছে। ফলে অতিরিক্ত সক্ষমতার কারণে পাকিস্তানের ওপর নতুন কোনো শুল্ক আরোপের প্রস্তাব থাকছে না।

তিনি বলেন, নতুন শুল্ক প্রস্তাব নিয়ে আগামী জানুয়ারিতে শুনানি হবে। এরপর সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশের পোশাকের ওপর আগে থেকে থাকা ১০ শতাংশ জোরপূর্বক শ্রমসংক্রান্ত শুল্কের সঙ্গে নতুন করে ৮ শতাংশ যুক্ত হতে পারে। সে ক্ষেত্রে মোট শুল্ক দাঁড়াবে ১৮ শতাংশ। ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার ক্ষেত্রেও একই হার প্রযোজ্য হতে পারে।

মহিউদ্দিন রুবেল বলেন, ভারত ও ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করতে পারলে তাদের শুল্ক যথাক্রমে ১৭ ও ২০ শতাংশ হতে পারে। চুক্তি না হলে দেশ দুটির ওপর বাংলাদেশের চেয়ে বেশি শুল্ক আরোপের আশঙ্কা রয়েছে। ফলে এ ক্ষেত্রে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি হতে পারে।তিনি বলেন, তুলার শুল্কমুক্ত সুবিধা বা টিআরকিউ পাওয়া গেলে বাংলাদেশ বাড়তি সুবিধা পেতে পারে। তবে এ সুবিধার ক্ষেত্রে নতুন ৮ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টির আরো পর্যালোচনা করা প্রয়োজন।

মহিউদ্দিন রুবেল বলেন, প্রস্তাবিত শুল্ক নিয়ে শুনানি ও মতামত দেওয়ার প্রক্রিয়ায় বাংলাদেশকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত প্রস্তুত করে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির সম্ভাবনাও খতিয়ে দেখা উচিত। বিশেষ করে তুলা ব্যবহারের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা আদায়ের চেষ্টা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তাঁর মতে, নতুন শুল্ক আরোপের উদ্যোগটি চলমান তদন্তেরই অংশ। শেষ পর্যন্ত কিছু শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

সূত্র : রয়টার্স, ইউএসটিআর

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ