স্পোর্টস ডেস্ক , অমৃতালোক:
টু-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয়বার শিরোপা জিতে বিশ্ব ক্রিকেটে নিজেদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নতুন ইতিহাস গড়ার পর টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন দুই কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি ও শচীন টেন্ডুলকার।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দাপুটে জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) আবেগঘন বার্তা দেন বিরাট কোহলি। তিনি লিখেন, “পুরো টুর্নামেন্টজুড়ে আমরা যে বিস্ফোরক ক্রিকেট খেলেছি, তার সঙ্গে অন্য কোনো দলের তুলনাই ছিল না। কঠিন পরিস্থিতিতেও ছেলেরা যে লড়াই করার মানসিকতা দেখিয়েছে, সেটাই আমাদের আবার বিশ্বচ্যাম্পিয়ন করেছে।” এই সাফল্যের জন্য খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের প্রত্যেক সদস্যকে অভিবাদন জানান তিনি।
শচীনের দৃষ্টিতে ‘ঐতিহাসিক অর্জন’
ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার ভারতের এই জয়কে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেছেন। টি-টোয়েন্টি ফরম্যাটের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তিকে সাধুবাদ জানিয়ে তিনি লিখেন, “পুরোপুরি প্রাপ্য এবং যোগ্য চ্যাম্পিয়ন তারা। আমাদের দলের অসাধারণ পারফরম্যান্স আর দুর্দান্ত এক ব্র্যান্ডের ক্রিকেট দেখাল সবাই। এটি সত্যিই একটি অনন্য প্রদর্শনী।”








